![]() |
| ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনা ছবি:social media |
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে একটি আন্তর্জাতিক রুটের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এয়ার ইন্ডিয়ার AI-171 ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর দেড়টার কিছু পরে উড্ডয়নের পরপরই মেঘানীনগর এলাকার একটি হোস্টেল ভবনে আছড়ে পড়ে। হোস্টেলটি মূলত চিকিৎসকদের আবাস হিসেবে ব্যবহৃত হতো।
বিমানটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের পাঁচ মিনিটের মাথায় বিমানের যান্ত্রিক সমস্যা দেখা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাইলট পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত এটি একটি জনবহুল আবাসিক স্থানে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রচণ্ড শব্দ ও ধোঁয়া দেখে আশেপাশের মানুষজন ছুটে আসে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপরতা শুরু করে।
এখনো পর্যন্ত হতাহতদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে হোস্টেলের ভেতরে অনেকেই অবস্থান করছিলেন, এমনটাই জানিয়েছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির একাংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে।
বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, আবহাওয়া একেবারেই স্বাভাবিক ছিল, ফলে দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিই মূল দায়ী বলে মনে করা হচ্ছে।
এই ঘটনার পর ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে।
