দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সাবেক অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবা-এর বাগদান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট থেকেই মূলত এই আলোচনার সূচনা হয়।
![]() |
| ছবি : সংগৃহিত |
ওই পোস্টে তিনি জীবনসঙ্গীর ইঙ্গিত দিয়ে একটি ছবি শেয়ার করলেও সেখানে কারও মুখ স্পষ্ট ছিল না। পাশাপাশি পাত্রের পরিচয় গোপন রাখায় ভক্তদের মধ্যে কৌতূহল বাড়ে— কে হচ্ছেন লুবাবার ভবিষ্যৎ স্বামী?
পরবর্তীতে জানা যায়, মাহমুদ বিন মুনির নামের এক প্রবাসী আলেমের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বাগদান হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত সময়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
মাহমুদ বিন মুনির বর্তমানে পারিবারিক ব্যবসার কারণে কুয়েতে বসবাস করছেন। ২০২১ সাল থেকে তিনি সেখানে অবস্থান করছেন এবং কুয়েত ও সৌদি আরবে তাদের সুগন্ধির ব্যবসা পরিচালিত হচ্ছে। ধর্মীয় শিক্ষায়ও তার রয়েছে শক্ত ভিত্তি— পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করার পাশাপাশি কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছেন। পড়াশোনা করেছেন ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদরাসায়।
অন্যদিকে, লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। তিনি প্রয়াত অভিনেতা আবদুল কাদের-এর নাতনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে যুক্ত ছিলেন।
তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই তিনি বিনোদন অঙ্গন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকছেন তিনি এবং নিজের জীবনধারায় পরিবর্তন আনতে চান।লুবাবা ও তার জীবনসঙ্গীর সম্পর্কের শুরু এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানা গেছে।
