![]() |
| তারেখ রহমান, ডক্টর ইউনুস |
যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আসন্ন বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১৩ জুন স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত।
বৈঠকটি আয়োজনে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে ড. ইউনূস চার দিনের সফরে গত সোমবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য প্রসঙ্গ উঠে আসতে পারে। এ বিষয়ে আলোচনা করতে সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকও অনুষ্ঠিত হয়।
যদিও বিএনপি নেতারা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাতে রাজি হননি, তবে তারা বৈঠকটির গুরুত্বের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। দলের অভ্যন্তরে ধারণা করা হচ্ছে, এই ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক দুই নেতার মধ্যকার প্রথম সরাসরি সাক্ষাৎ এবং এটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ হতে পারে।
