ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় সুনামগঞ্জের ১২ তরুণের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা
সুনামগঞ্জ, ৩১ মার্চ: ভূমধ্যসাগরে নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় সুনামগঞ্জের ১২ জন তরুণের মৃত্যুর ঘটনায় মানবপাচারকারী চক্রের ৯ সদস্যের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
![]() |
| ছবি : সংগৃহিত |
পুলিশ জানায়, সোমবার রাতে জেলার জগন্নাথপুর ও দিরাই থানায় মামলা দুটি দায়ের করা হয়। এর মধ্যে জগন্নাথপুর থানায় ৫ জন এবং দিরাই থানায় ৪ জনকে আসামি করা হয়েছে।
দিরাই থানার মামলাটি দায়ের করেন নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান। অন্যদিকে জগন্নাথপুর থানার মামলার বাদী হয়েছেন হাবিবুর রহমান, যার ছেলে আমিনুর রহমানও একই ঘটনায় প্রাণ হারান।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ লিবিয়া থেকে ৪৮ জন যাত্রী নিয়ে একটি ছোট রাবারের নৌকা গ্রিসের উদ্দেশে রওনা হয়। যাত্রাপথে মাঝসমুদ্রে গিয়ে নৌকাটির জ্বালানি শেষ হয়ে পড়ে। এতে নৌকাটি দিক হারিয়ে ফেলে এবং টানা ছয় দিন সাগরে ভাসতে থাকে।
এ সময় যাত্রীদের মধ্যে তীব্র খাদ্য ও পানির সংকট দেখা দেয়। অনাহার ও পানিশূন্যতায় একে একে ১২ জন তরুণের মৃত্যু হয়। পরে মরদেহগুলো নৌকায় রাখা সম্ভব না হওয়ায় বেঁচে থাকা যাত্রীরা সেগুলো সাগরে ভাসিয়ে দেন।
গত ২৭ মার্চ গ্রিস উপকূলের কাছাকাছি এলাকা থেকে ভাসমান নৌকাটি থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। পরদিন নিহতদের পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
